প্রথম বারের মত ভোলায় করোনা শনাক্ত
ভোলায় প্রথমবারের মতো শিশু সহ দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী।
তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের মেয়ে শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপরজন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, শুক্রবার থেকে পুরো এলাকা লকডাউন করা হবে এবং আক্রান্তদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে এসেছেন এই খবর পেয়ে সন্দেহজনক হিসেবে তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। ওই যুবক পেশায় একজন হোটেল শ্রমিক। তার করোনাজনিত কোনো উপসর্গ ছিল না। তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২২৩ জনের। যার মধ্যে ২২১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you