বরিশালে পরকীয়ায় বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা
খালাতো বোনের সাথে পরকীয়ায় বাধা দেয়ায় হাত-পা বেঁধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছেন স্বামী।
পরে হত্যাকাণ্ড আড়াল করতে দুর্ঘটনা বলে ময়নাতদন্ত ছাড়াই ইসরাত জাহান ইমা নামে এ গৃহবধূকে দাফন করা হয়।
তবে গৃহবধূর মায়ের মোবাইল ফোনে ধারণ করা ১১ সেকেন্ডের একটি ভিডিওতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউপির খুন্না গবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।দগ্ধ ইমা ১৮ জুন রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত হবধূ একই উপজেলার হরিনাথপুর ইউপির মহিষখোলা গ্রামের শফিকুল ইসলাম মাসুমের মেয়ে।
এ ঘটনায় নিহতের বাবা ২১ জুন হিজলা থানায় একটি হত্যা মামলা করেন । মামলায় নিহতের স্বামী খুন্না গবিন্দপুর টেকের বাজারের মুদি ব্যবসায়ী মহসিন রেজা, ভাশুর মোস্তফা ব্যাপারী, শ্বশুর দেলোয়ার হোসেন ব্যাপারী ও প্রেমিকা শাহনাজ বেগমকে আসামি করা হয়েছে। তবে বিষয়টি টের পেয়েই আসামিরা আত্মগোপনে চলে যান। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার।
নিহতের চাচা মাজহারুল ইসলাম জানান, তাদের পাঁচ বছরের একটি মেয়ে ও দেড় বছরের ছেলে রয়েছে। এছাড়া ইমা তিন মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন।
সম্প্রতি খালাতো বোন শাহনাজ বেগমের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহসিনের।বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে মহসিন ও ইমার দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই ইমাকে তার স্বামী শারীরিক নির্যাতন করে আসছিলো। সবশেষ গত ১০ জুন একই বিষয় নিয়ে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়।
১১ জুন বিকেলে স্থানীয় শিপন ও রফিক নামের দুই যুবক অগ্নিদগ্ধ ইমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় । পরে ইমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং পরবর্তীতে ওইদিন রাতেই অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন সকালে মারা যান তিনি।
তবে মৃত্যুর আগে নির্যাতন ও পুড়িয়ে মারার ঘটনার বর্ণনা দেন ইমা। যার ১১ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে। ভিডিওতে গৃহবধূ ইমা বলেন, পরকীয়ার জের ধরে প্রথমে তাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে অজ্ঞান হয়ে পড়লে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, ১১ সেকেন্ডের একটি ভিডিও পেয়েছি। যেখানে ইসরাত জাহান ইমা মৃত্যুর কিছুটা বর্ণনা দিয়েছেন। এতে কিছুটা হলেও স্বামীকে ইঙ্গিত করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you