করোনায় আক্রান্ত হলেন শহীদ আফ্রিদি
করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদির শরীরে ।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে করোনায় আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন আফ্রিদি।কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর জানিয়ে আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন আফ্রিদি। নিজের ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছেন। বাংলাদেশি তারকা মুশফিকুর রহিমের ব্যাট নিলাম থেকে প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছিলেন পাকিস্তান এই তারকা। এত দিন ধরে মানুষের উপকার করে যাওয়া আফ্রিদিই এবার আক্রান্ত হলেন প্রাণঘাতী এই করোনা ভাইরাসে।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন আফ্রিদি। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার তৌফিক উমর। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তার আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you