কত টাকায় বিক্রি হল সাকিবের প্রিয় ব্যাট....
করোনা মহামারীতে অসহায়দের মাঝে অর্থ দানের জন্য নিলামে তোলা বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সেই প্রিয় ব্যাটটির সর্বোচ্চ দাম উঠেছে ২০ লাখ টাকা। নিলামে সাকিবের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি। তার নাম রাজ।
এই অর্থের পুরোটাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুর্যোগের সময় অসহায় মানুষদের।
এই ব্যাটে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব। গত বিশ্বকাপের পুরোটাই খেলেছেন এই ব্যাট দিয়ে। বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল অসাধারণ, ৮৬.৫৭ গড়ে করেছিলেন ৬০৬ রান।
সাকিব জানালেন, বিশ্বকাপের সময় ব্যাট একটু ক্ষতিগ্রস্ত হলেও টেপ পেঁচিয়ে খেলে গেছেন সেটি দিয়েই। এমনকি খেলে গেছেন বিশ্বকাপের পর, নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সাকিবের ভাষায় ওই ব্যাট দিয়ে তিনি এখনও নট আউট আছেন!
ব্যাটটি সাকিবের এতোই প্রিয় যে, নিলাম তুলে আবার নিজেই দাম হাঁকিয়ে কিনে নেওয়ার ইচ্ছে ছিল সাকিবের। এক ভক্ত আবার সাকিবের ব্যাট নিলাম থেকেই কিনে আবার সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজের ভাগ্যেই জোটে সাকিবের ব্যাট।
গতকাল বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলার কথা ছিল। পরে আরও ১৫ মিনিট অপেক্ষা করা হয়। সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you