বলিউড অভিনেতা ইরফান খান আর নেই
মায়ের মৃত্যুর ৪ দিন পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ এপ্রিল) এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
সম্প্রতি বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন (কোলন ইনফেকশনে ভুগছিলেন) ইরফান খান। এরপর দ্রুত তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। ইরফানের সঙ্গে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও রয়েছেন। এর আগে আইসিউতে নিলে তার মৃত্যুর খবর রটে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন কোলন ইনফেকশন নিয়ে।
অসুস্থ হওয়ার পর এক টুইটে ইরফান লেখেন, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিক ক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশা থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।”
গত শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা সাঈদা বেগম (৯৫)। তখন ভারতজুড়ে চলমান লকডাউনের কারণে মায়ের জানাজায় যেতে পারেননি মুসলিম এই অভিনেতা।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you