বঙ্গবন্ধুর আরেক খুনি পশ্চিমবঙ্গে আত্মগোপনে???
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত আরেক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় তিনি গ্রেফতার হতে পারেন বলে একটি সূত্র দাবি করেছে। সোমবার (২০ এপ্রিল) ভারতের আনন্দবাজার পত্রিকা ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আব্দুল মাজেদের মতো পরিচয় ভাঁড়িয়ে শেখ মুজিবের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের।
এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গ্রেফতার ও ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন কলকাতায় ছিলেন। তার ফাঁসি কার্যকরের আগে তার কাছ থেকে বাংলাদেশের গোয়েন্দারা মোসলেম উদ্দিনের অবস্থান জেনে নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসালদার মোসলেম উদ্দিনকে উত্তর চব্বিশ পরগনা থেকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে অন্য একটি সূত্রের বরাতে বলা হয়েছে, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু সংবাদ ছড়িয়ে গা ঢাকা দিয়েছে মোসলেম উদ্দিন।
গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেমউদ্দিন। সে-ও ফেরার হওয়া ফাঁসির আসামি। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি।
১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে হানা দেয়া দলটির সামনের সারিতে ছিল মোসলেম উদ্দিন। অনেকের দাবি, মোসলেম উদ্দিনই গুলি করে হত্যা করেছিল শেখ মুজিবকে।
প্রসঙ্গত ২০০৯ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বজলুল হুদা,এ কে এম মহিউদ্দিন আহমেদ,সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।
রায় কার্যকরের আগে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে আসামি আজিজ পাশা ২০০২ সালে মারা যান ।
আবদুল মাজেদ গ্রেফতার হওয়ার পর এখন পলাতক আছেন পাঁচজন। তারা হলেন- মোসলেম উদ্দিন,শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী,এস এইচ এম বি নূর চৌধুরী ও খন্দকার আবদুর রশীদ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you