‘দেশের এই ক্রান্তিলগ্নে আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্তটা আপনার।’ - বেনজীর আহমেদ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব অর্থাৎ ঘরের থাকার বিষয়টি অনেকেই মেনে চলছে না। সরকারের পক্ষ থেকে বার বার নিষেধ করা সত্ত্বেও যারা এখনো বাইরে বের হন তাদের উদ্দেশে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্তটা আপনার।’সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র্যাব ডিজি হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিদায়ী অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
পুলিশের নতুন আইজিপি বলেন, সরকারের পক্ষ থেকে বার বার শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেয়া ও অনর্থক ঘোরাঘুরি করতে নিষেধ করা হচ্ছে। তারপরও সেই নিষেধাজ্ঞা না মেনে অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন। এখন আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্তটা আপনার।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ধনী-গরিব সবার জন্যই হুমকি। তাই সবার প্রতি অনুরোধ, দেশের এই ক্রাইসিসের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাসটি থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঘরে থাকা।
এ সময় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যাবের সদ্য বিদায়ী মহাপরিচালক বলেন, ঢাকা মহানগর পুলিশে দীর্ঘদিন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। পরে বিগত পাঁচ বছর তিন মাস র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ের মধ্যে গণমাধ্যমকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।
ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে পারেন। খোলাবাজার বিক্রির (ওএমএস) চালের ক্ষেত্রেও আমাদের আগে থেকে জানাবেন যেন সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা যায়। এছাড়া, ব্যত্তিগত উদ্যোগে কেউ বা কোনো প্রতিষ্ঠান ত্রাণ দিতে চাইলে পুলিশের সহায়তা নিতে পারেন।
ত্রাণ চুরি বা অনিয়ম কোনোক্রমেই সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ত্রাণ সংশ্লিষ্ট যে কোনো অব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী শূন্য সহিষ্ণুতার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা পালন আমাদের কর্তব্য। তাই যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you