সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই

লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।


বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন "১১টা ১০ মিনিটে আমরা তার মৃত্যুর ঘোষণা দিয়েছি।"

উল্লেখ্য, নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে ১ জুন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যেই গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই  অস্ত্রোপচার হয় তার। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা খুব সংকটাপন্ন বলেই মন্তব্য করেছিলেন চিকিৎসকরা। 

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও ছিলেন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় এম মনসুর আলী ও মা মোসাম্মৎ আমেনা মনসুরের ঘরে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.