করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন ।
শনিবার মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে।
মন্ত্রণালয় সূত্র আরো জানায়, ধর্ম প্রতিমন্ত্রীর লাশ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি জানিয়েছিলেন, করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর তার দাফন কাফনের সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেইলি রোডের বাসায় প্রতিমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেয়া হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সাংবাদিকদের বলেন, ধর্ম প্রতিমন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে সিএমএইচে নেয়ার পথে তিনি আরও অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের জন্মগ্রহণ করেন শেখ মো. আব্দুল্লাহ। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ মো. আবদুল্লাহ ১৯৬১ সালে মেট্রিক, ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৬ সালে বি কম (অনার্স) ডিগ্রি নেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এম কম এবং ১৯৭৪ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রিও নেন শেখ আবদুল্লাহ।
শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি যোগ হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you