ভাতা-জমানো টাকা ত্রাণ তহবিলে দিলেন শারীরিক প্রতিবন্ধী বাদশা
নিজের ভাতার টাকা বরিশাল সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন নগরীর এক শারীরিক প্রতিবন্ধী মোঃ বাদশা খান।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরের কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের হাতে ত্রাণ তহবিলে জমা দেওয়া ৫ হাজার টাকার রশিদ তুলে দেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন সড়কের বাসিন্দা বাদশা।
নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় বাদশা স্ত্রী, কন্যা, মা ও ভাইসহ বসবাস করেন। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে। প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৬শ’ টাকা হারে ভাতা পান এই প্রতিবন্ধী। ৫ মাসের ভাতার তিন হাজার টাকা এবং আগের জমানো ২ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করেন বাদশা।
তিনি বলেন, করোনায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরের নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। এতে বিপুল টাকা ব্যায় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য তিনি ত্রাণ তহবিল গঠন করেছেন। তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই তহবিলে দিয়েছি। আশা থাকবে, নগরের বিত্তবানরা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসেন। তাহলে একটা মানুষও না খেয়ে থাকবে না।
এ প্রসঙ্গে আলাপকালে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাদশা বরিশালবাসীর গর্ব। শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকী সবার জন্য অনুকরণীয়।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you